ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কাছে পরাজিত গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন এবার দলীয় পদ হারিয়েছেন। তার প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে গণঅধিকার পরিষদ। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলের চিঠিতে বলা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের যৌথ নির্দেশনায় তার প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নোটিশে জসিম উদ্দিনকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে ওই ব্যাখ্যা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে কিংবা দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

তবে নোটিশে জসিম উদ্দিনের বিরুদ্ধে ওঠা শৃঙ্খলাভঙ্গের অভিযোগের সুনির্দিষ্ট কারণ বা বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জসিম উদ্দিন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

ওই নির্বাচনে জসিম উদ্দিন ৪৯ হাজার ৮৮৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। অন্যদিকে ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে আসনটিতে জয়ী হন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

নির্বাচনে পরাজয়ের পর এবার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিত এবং শোকজের মুখে পড়লেন।