ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার নামে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান জানিয়েছেন, তার কোনো ভাতিজা নেই।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে ঘটনাটি ঘটে। ওই সময় কয়েকজন টেলিভিশন সাংবাদিক মাইক্রোবাসে সংবাদ সংগ্রহের জন্য ধরাভাঙ্গা গ্রামের দিকে যাচ্ছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগ, আলীয়াবাদ মোড়ে গাড়ি থামিয়ে এক যুবক পৌরসভার ইজারার টাকা দাবি করেন। সাংবাদিকরা জরুরি কাজে যাওয়ার কথা বলে টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবক গাড়ি আটকে রাখেন এবং বিপ্লবকে ডেকে আনেন। এরপর বিপ্লব এসে অসদাচরণ করেন এবং ইজারার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারতে উদ্যত হন বলেও অভিযোগ রয়েছে।

এ সময় তিনি নিজেকে সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে ভয় দেখান বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। বিষয়টি ইউএনও ও সংসদ সদস্যকে জানানো হয়েছে, তারা ইজারা বাতিলের কথা জানিয়েছেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারাদারের লোকজনের অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য আব্দুল মান্নান দুঃখ প্রকাশ করে বলেন, “আমার কোনো ভাতিজা নেই। আমি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিল করার জন্য বলেছি।”