শরীয়তপুরের আংগারিয়ায় উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হলো ‘শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রোমাঞ্চকর ফাইনালে দুরন্ত ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বুলেট ফুটবল একাদশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আংগারিয়া ইউনিয়নের উত্তর ভাষানচর তালতলা মাঠে টুর্নামেন্টের সমাপনী ম্যাচ ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী ও স্থানীয় তরুণদের সার্বিক সহযোগিতায় পুরো টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।
ফাইনালে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল—বুলেট ফুটবল একাদশ ও দুরন্ত ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে ট্রফি উঁচিয়ে ধরে বুলেট ফুটবল একাদশ। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও রানার্সআপ হয়েই মাঠ ছাড়তে হয় দুরন্ত ফুটবল একাদশকে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের সাবেক জিএস, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আংগারিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান (খলিল মোল্লা)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা।
এছাড়াও অনুষ্ঠানে আংগারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য মুরুব্বি ও যুবসমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, “যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক-মানসিক বিকাশ, নেতৃত্ব তৈরি এবং পারস্পরিক ঐক্য বজায় রাখতে নিয়মিত ক্রীড়া চর্চা জরুরি। শহীদ জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় যুবকদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। তরুণদের সুরক্ষায় এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখতে বিত্তবান ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণদের সুপথে রাখা, মাদকমুক্ত সমাজ গড়া এবং স্থানীয় যুবকদের মাঝে সম্প্রীতি ও একতা বজায় রাখাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করার আশা ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন