চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে তিনি সেখানে যান এবং মঈন খানের চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতালে হুইল চেয়ারে বসে মঈন খান রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন। এ সময় কার্ডিওলজি বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। দুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে মঈন খানকে দেখতে যান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে বুধবার রাতে মঈন খান হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে এবং আগের দিনের চেয়ে অবস্থা স্থিতিশীল।
জাহিদ জানান, এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হক ও জাফর ইকবালের তত্ত্বাবধানে মঈন খানের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও তাঁকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ অবস্থা জানেন।
মঈন খানের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। তাঁর স্ত্রী রোকসানা খন্দকার ও তিন কন্যা হাসপাতালে তাঁর শয্যাপাশে রয়েছেন।

মন্তব্য করুন