শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের মানুষ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শরীয়তপুর সদর, নড়িয়াসহ জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণে জেলার মানুষের যাতায়াত, শিক্ষা ও নাগরিক সুবিধার বিষয়টি গুরুত্ব দিতে হবে। তাদের দাবি, জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হলে জেলার সব উপজেলার শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে।

স্থানীয়রা জানান, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়ার পর সদর উপজেলার ডোমসার ও নড়িয়া উপজেলার নশাসন এলাকাকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় রাখা হয়েছিল। তবে সম্প্রতি উপাচার্য নিয়োগের পর ওই স্থানগুলো বাদ দিয়ে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়। জেলার এক প্রান্তে হওয়ায় ওই স্থান থেকে অন্য উপজেলার শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আল-আমিন বলেন, বিশ্ববিদ্যালয়টি এমন জায়গায় হওয়া উচিত, যেখানে জেলার সব উপজেলার শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে। জেলা শহরের কাছে হলে যাতায়াত ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।

আজিজুল হক নামের আরেক ব্যক্তি বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে শুধু একটি এলাকার কথা চিন্তা করলে হবে না, পুরো জেলার মানুষের সুবিধা বিবেচনা করতে হবে। তিনি পূর্বনির্ধারিত স্থানগুলো পুনর্বিবেচনা করে বিশ্ববিদ্যালয়টি শহরের কাছে নির্মাণের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন খান বলেন, বিশ্ববিদ্যালয়টি দূরবর্তী এলাকায় হলে অনেক শিক্ষার্থী যাতায়াত ও আবাসন সমস্যায় পড়বেন। তাই জেলা শহরের কাছে মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি জানাচ্ছেন তিনি।