মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস পানিভর্তি খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৬ জন। শুক্রবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে উদ্ধারকারী বাহিনী। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু, বয়স ৫৫ বছর। বাকি দুজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, দর্শনা পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। শ্রীনগর অংশে একটি কাভার্ডভ্যানকে অতিক্রম করার সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এক পর্যায়ে রেলিং ভেঙে সার্ভিস লেন পেরিয়ে বাসটি পাশের জলাশয়ে গিয়ে পড়ে।
আহতরা হলেন হৃদয় ৩০, শাহিন আক্তার ৩২, নূর ইসলাম ৫৫, ইমরান ২৭, গিলবাড সরকার ৫৫, তরিকুল ইসলাম ৩৬, সাইফুল ইসলাম ৪০, মিরাজুল ইসলাম ২৮, রফিকুল ইসলাম ৩৫, অনিফিন ১৭, সন্দীপন বসু ৪০, ইকরাম ৪০, রায়হান ২১, হাসিব ২২, তিশা ২৪ ও বোরহান উদ্দিন ৫৫। তাদের বাড়ি চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ১১ জনকে অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, বাকি পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক সেবা দেওয়া হয় বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

মন্তব্য করুন