আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে যৌথ বিবৃতির মাধ্যমে এ ঘোষণা আসবে বলে জানিয়েছে নিক্কেই এশিয়া।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি শীর্ষ সম্মেলনে ওই যৌথ বিবৃতিতে বিনিয়োগের বিষয়টি ঘোষণা করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ঘোষণার মূল লক্ষ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তোলাও এর মধ্যে রয়েছে, যেখানে অটোমোবাইল, উৎপাদন শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণ করা হবে।

জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্য অংশীদারদের তৈরি বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনেও বিনিয়োগ করবে জাপানি কোম্পানিগুলো। এছাড়া বাংলাদেশের সঙ্গে জাপানের একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।