লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর এলাকায় এক ভ্যানচালককে মারধরের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন আচরণ না করার বার্তা দিয়েছেন বিজিবির এক সদস্য।

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজিবির সদস্যের দৃঢ় অবস্থানের প্রশংসা করছেন অনেকে।

ভিডিওতে দেখা যায়, মারধরের ঘটনায় বিএসএফ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিজিবির ওই সদস্য। এ সময় বিএসএফ সদস্যকে ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর আহ্বান জানান তিনি।

ভিডিওতে বিজিবির ওই সদস্যকে বলতে শোনা যায়, “আপনারা অশান্তির কাজ করছেন। আপনারা ভুল স্বীকার করেন, যে এরপর আর এরকম হবে না।”

এ সময় তিনবিঘা করিডোর এলাকার মানুষের সাহসিকতার কথাও তুলে ধরেন তিনি। এর আগে দহগ্রামের লোকজন বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ আটক করে বিজিবির কাছে নিয়ে এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

ভিডিওতে বিএসএফের এক সদস্যকে শান্তিপূর্ণভাবে থাকার কথা বলতে শোনা যায়। এ সময় মারধরের ঘটনায় সংশ্লিষ্ট বিএসএফ সদস্য ছুটিতে গেছেন বলেও উল্লেখ করা হয়। তবে এতে সন্তুষ্ট না হয়ে বিজিবির ওই সদস্য কড়া প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান।

দুই বাহিনীর সদস্যদের মধ্যে এই কথোপকথনে বিজিবির দৃঢ় অবস্থান ও বিএসএফের কাছে জবাবদিহি চাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওতে থাকা সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, গত ২০ অক্টোবর তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় এক ভ্যানচালককে মারধরের ঘটনা ঘটে। পরদিন ২১ অক্টোবর পতাকা বৈঠকে বিষয়টি উত্থাপন করে বিএসএফের কাছে প্রতিবাদ জানায় বিজিবি।