খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩৩) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তাঁর পিঠের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। স্থানীয় বিএনপি নেতা মো. বিল্লাল মোল্লা জানান, রামিম মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম। পথে আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর দিকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের ৯ ও ১০ নম্বর সার্জারি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছিল।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামিম যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে মাদক বিক্রি ও ‘বি কোম্পানি’র সঙ্গে সম্পৃক্ততার তথ্য রয়েছে। মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
কারা এবং কী কারণে রামিমকে লক্ষ্য করে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন