অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসরণ করে তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রেখে এই নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তাঁকে অন্য যেকোনো পেশা বা ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

ড. খায়েরুজ্জামান ২০২৩ সালের ২৩ আগস্ট থেকে অর্থ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন।

যোগদানের তারিখ থেকে তিনি এক বছর অর্থ বিভাগের সচিব পদে বহাল থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।