মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে দুইটি নতুন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, সব মেট্রোরেল স্টেশনে বসানো হবে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার।
অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের ব্যাগ ও মালামাল নির্দিষ্টভাবে তল্লাশির উদ্দেশ্যেই এই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এসব আধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংগ্রহের জন্য ইতোমধ্যে আনুষ্ঠানিক অনলাইন দরপত্র আহ্বান করা হয়েছে। ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ই-দরপত্র আহ্বান করেন।
বিজ্ঞপ্তিতে যোগ্য ও আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে ই-দরপত্র জমা দিতে বলা হয়েছে। দরপত্রসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিস্তারিত তথ্য ই-জিপি পোর্টাল এবং কর্তৃপক্ষের নির্ধারিত হেল্পডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।
একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের সুবিধার্থে বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও যুক্ত করা হয়েছে। এ চুক্তির আওতায় থাকবে ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা ইউপিএস, বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের বার্ষিক তদারকি।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর ২০২৬ তারিখে দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে এই দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনা যাবে।

মন্তব্য করুন