কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে আ/গুনে উদ্ধার হওয়া দশটি মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে। তবে নিখোঁজের তালিকায় থাকা নাসরিন আক্তার মুক্তার সন্ধান এখনো পাওয়া যায়নি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে মা/মলার তদন্ত কর্মকর্তা রিমন ঘোষ জানান, সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর সঙ্গে মুক্তার পরিচয় শনাক্তের জন্য সংগৃহীত নমুনার মিল পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ অক্টোবর) শনাক্ত মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।

শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাহিদুর রহমান, তার স্ত্রী আফসানা মতিন এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া ও মুনাইনা ইহানা। অন্য ছয়জন হলেন মৌলিতা মেহজাবিন আলভি, লায়লা জাহান নাবিলা, ইসরাত জাহান মালিহা, ফারিয়া কবির, তার ছেলে মোহাম্মদ ফাইজান নূর ও ভাই মোহাম্মদ নাফিস তেহামি।

গত ১৭ অক্টোবর রিসোর্টটিতে আ/গুন লাগার পর দশটি মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু নিখোঁজের তালিকায় ছিলেন এগারোজন। দশজনের পরিচয় নিশ্চিত হলেও মুক্তার অবস্থান অজানা থাকায় সেই ব্যবধানের ব্যাখ্যা এখনো মেলেনি।

মুক্তা আশুলিয়ার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, তার সন্ধানে অধিকতর তদন্ত চলছে।