জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বিএনপি সরকার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং জনগণের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করার চেষ্টা করছে। গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার রাজধানীর বাড্ডা-লিংক রোড এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জুনায়েদ।
তিনি বলেন, সরকার জনগণের অধিকার ক্ষুণ্ণ করছে এবং মানুষের নিরাপত্তার বিষয়ে উদাসীনতা দেখাচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষ সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে গণশুনানির কথা থাকলেও সরকার এখন সেটিকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সরকার যখন-তখন দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি ব্যয়ের চাপ সৃষ্টি করছে।
জুনায়েদ আরও বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে অনিচ্ছুক কোনো সরকারকে এনসিপি সহযোগিতা করবে না। গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারকে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা থাকলেও সরকার গণরায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি।
বিক্ষোভ ও গণসংযোগ কর্মসূচি
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে বুধবার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন এমপি, সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য করুন