কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন দেশজুড়ে গ্যাস সরবরাহ ব্যাহত হবে। এ সময়ে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

পেট্রোবাংলা রবিবার এক বার্তায় নিশ্চিত করেছে, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত উক্ত টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।

দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পাওয়ায় সারা দেশের শিল্প, বিদ্যুৎ ও বাসাবাড়ির গ্রাহকরা সাময়িক দুর্ভোগের মুখে পড়তে পারেন। সাময়িক এই অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।