শরীয়তপুরে জাতীয় দৈনিক সমাচার পত্রিকার জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে শরীয়তপুর জজকোর্ট-সংলগ্ন অ্যাডভোকেট আলমগীর হাওলাদারের ভবনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা কার্যালয়ের উদ্বোধন করেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক মোল্লা।

দৈনিক সমাচারের শরীয়তপুর জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সহসভাপতি এবং দৈনিক রুদ্রবার্তার সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম পাইলট, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জামাল মল্লিক, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুব আলম এবং ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন।

এ ছাড়া অনুষ্ঠানে শরীয়তপুরের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা তুলে ধরাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। দৈনিক সমাচারের নতুন জেলা কার্যালয় থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে শরীয়তপুরের উন্নয়ন, জনস্বার্থ এবং স্থানীয় মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক সমাচারের শরীয়তপুর জেলা কার্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।