২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি ছুটি থাকবে মোট ২৯ দিন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। তবে সাত দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কার্যত ছুটি ভোগ করতে পারবেন ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ পরব উপলক্ষে ২০২৭ সালে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। এই চার দিনের মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার।
অন্যদিকে, বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। এ তিন দিনের একটি শুক্রবার এবং দুটি শনিবার।
এ ছাড়া ধর্মীয় উৎসব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে এ ছুটি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী নিতে হবে।
চলতি ২০২৬ সালে সরকারি ছুটি রয়েছে ২৮ দিন। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। বছর শেষ হওয়ার আগেই ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিল মন্ত্রিসভা।




মন্তব্য করুন