তৃণমূলের সুপ্ত প্রতিভা বিকশিত করতে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালি উপস্থিত থেকে ৫০৩টি উপজেলায় একযোগে এই ক্রীড়াযজ্ঞের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে অংশ নিতে সারা দেশ থেকে রেকর্ড ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন শিশু-কিশোর অনলাইনে আবেদন করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রথম আসরে অংশগ্রহণকারীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার হলেও এবার সেই সংখ্যা প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়ে ১৬ লাখ ছড়িয়েছে।

প্রতিমন্ত্রী জানান, নিবন্ধিত খেলোয়াড়দের সমন্বয়ে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে আলাদা দল গঠন করা হবে, যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। আগামী বছরের মে বা জুন মাসের মধ্যে শেষ হবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবার আগের আটটি খেলার সঙ্গে যুক্ত হয়েছে টেবিল টেনিস ও ভলিবল। ফলে মোট ১০টি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৯ লাখ ১৮ হাজার নিবন্ধন নিয়ে ইভেন্টগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ফুটবল।

পরিসংখ্যান অনুযায়ী, মোট নিবন্ধনের ৪১ দশমিক ৮ শতাংশই মেয়ে (৬ লাখ ৭৯ হাজার ১৩৫ জন)। বিশেষ করে টেবিল টেনিসে মেয়েদের অংশগ্রহণের হার সবচেয়ে বেশি, ৬০ দশমিক ৩ শতাংশ। অঞ্চল হিসেবে আবেদন জমা পড়ায় জেলা ও বিভাগ উভয় ক্ষেত্রেই শীর্ষে রয়েছে চট্টগ্রাম।

প্রথম আসর থেকে বাছাইকৃত সেরা ৪০ জন খেলোয়াড়কে (২৮ জন মেয়ে ও ১২ জন ছেলে) ক্রীড়াশিক্ষা ও উন্নত প্রশিক্ষণের জন্য আগামী জানুয়ারিতে বিকেএসপিতে ভর্তির ব্যবস্থা করছে সরকার। ক্রীড়া প্রতিভাদের দীর্ঘমেয়াদে গড়ে তোলা এবং খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সুস্থ সমাজ নির্মাণের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।