ঢাকার কেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় জাহাঙ্গীর (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। সোমবার বিকেলে উপজেলার খাড়াকান্দি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় মামলার অন্য আসামিরা পালিয়ে যান বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার জাহাঙ্গীর কেরানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। মামলার প্রধান আসামি কলাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান আওয়াল শিকদারসহ আট আসামি এখনো পলাতক রয়েছেন।
মামলার তদন্ত প্রতিবেদন ও আদালতের নথি অনুযায়ী, কেরানীগঞ্জের তারানগর এলাকার বাসিন্দা তাজুল ইসলাম এ মামলা করেন। এতে আওয়াল শিকদারকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, খাড়াকান্দি এলাকায় বাদীর মালিকানাধীন জমি দখলের চেষ্টা এবং সেখানে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে জমির মালিকানা দাবি করে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো এবং মারধর করা হয়। একই সঙ্গে জমিতে নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৫ মার্চ থেকে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে আসামিদের কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
মামলায় নাম উল্লেখ করা নয় আসামি হলেন—আওয়াল শিকদার, জাহাঙ্গীর, নাসির উদ্দিন, মহিউদ্দিন মিলন, হৃদয়, দিপু, সজিব, হৃদয় শিকদার ও আমিনুর। তাঁদের সবার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এসআরবি-১০ কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, এসআরবি-১০ একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হবে।




মন্তব্য করুন