রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে থাকা পোশাক কারখানাগুলো দ্রুত পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শ্রমিকদের বৈধ দাবির আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যে উসকানি দেওয়া কোনো মহলকে ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
তিনি বলেন, আজকে দুই-একটি জায়গায় বিক্ষোভ হতে পারে। তবে এসব বিক্ষোভের সঙ্গে পোশাক শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার সম্পর্ক নেই। বরং রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কিছু মহল ইচ্ছাকৃতভাবে উসকানি দিচ্ছে, যাতে গার্মেন্টস খাতের উৎপাদন ব্যাহত হয়। এ ধরনের তৎপরতা কঠোর হস্তে দমন করা হবে।
এদিকে মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোর্ডের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।




মন্তব্য করুন