আগামী ডিসেম্বরে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে টানা দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটিসহ কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে টানা ১৮ দিন, মাদরাসায় ১৫ দিন এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিনের ছুটি থাকছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুসারে, কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। তবে এর আগের দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি এবং ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে এই স্তরের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি ভোগ করবেন।

মাদরাসা শিক্ষাবোর্ডের আওতাধীন সরকারি-বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে সবার আগে। ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসায় মোট ১৫ দিনের টানা ছুটি মিলবে।

অন্যদিকে, প্রাথমিক এবং মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ চলবে। ছুটির আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি এবং এর মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি যুক্ত থাকায় উভয় স্তরের বিদ্যালয়ে টানা ১২ দিন পাঠদান বন্ধ থাকবে।

ডিসেম্বরের এই অবকাশের মধ্য দিয়েই ২০২৬ শিক্ষাবর্ষের নির্ধারিত ছুটির তালিকা শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি ব্যবহারের সুযোগ থাকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে এই ছুটি আরও দুই দিন বাড়াতে পারবে।