শরীয়তপু‌রের জাজিরা প্রান্তের পদ্মা সেতুতে ২৩তম ‘৩-এফ’ নামের স্প্যনটি ৩১ ও ৩২ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে । স্প্যান‌টি বসা‌নোর ফ‌লে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৪৫০ মিটার ।

রবিবার (২ ফেব্রুয়া‌রি) দুপুর ২টার দি‌কে ২৩তম স্প্যানটি বসানো হয়। ২২ তম স্প্যান বসানোর ১২ দিনের মাথায় ২৩ তম স্প্যানটি বসানো হয়েছে ।

পদ্মা সেতু প্রক‌ল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর জানান, র‌বিবার (২ ফেব্রুয়া‌রি) সকাল সাড়ে নয় টার দি‌কে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৩ তম স্প্যানটিকে বসানোর জন্য ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন দি‌য়ে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে সকাল সাড়ে ১১ টার দিকে জাজিরা প্রান্তের ৩১ ও ৩২ নং পিলারের কাছে আনা হয়। এর পর স্প্যানটিকে পিলারে উপরে তোলার কার্যক্রম শুরু হয়। দুপুর ২টার দি‌কে স্প্যানটি বসানো সম্পন্ন হয়। এভা‌বে স্প্যান বসাতে পারলে ২০২০ সালেই ৪১টি স্প্যান বসানো শেষ হবে।

পদ্মা সেতু প্রক‌ল্পের প্রকৌশলী সূত্র জানায়, পদ্মাসেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৫টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৪১০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২৫টি স্ল্যাব বসানো শেষ হয়েছে। পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ২৩টি স্প্যান বসে গেছে।

ছয় দশমিক ১৫ মিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে। এ বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে।

Facebook Comments Box