শরীয়তপুর জেলায় চলতি বছরের আট মাসে ঘটেছে একের পর এক হত্যাকাণ্ড। পুলিশি পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২৬টি খুন সংঘটিত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫টি, নড়িয়া ৩টি, জাজিরা ৫টি, ভেদরগঞ্জ ৪টি, গোসাইরহাট ৫টি এবং সখিপুরে ৪টি ঘটনা ঘটেছে।
হত্যাগুলোর কারণ বিচিত্র—জমিজমা নিয়ে বিরোধ, আর্থিক লেনদেন, পারিবারিক কলহ কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টায় প্রাণহানির ঘটনা ঘটছে ঘনঘন। পুলিশের ভাষ্যমতে, এসব খুনের মধ্যে ৭টি পারিবারিক দ্বন্দ্ব থেকে, ৪টি ডাকাতি সন্দেহে এবং আরও কয়েকটি জমি ও টাকা-পয়সা সংক্রান্ত কারণে সংঘটিত হয়। এ ছাড়া অজ্ঞাতনামা লাশও উদ্ধার হয়েছে চারটি। গড়ে মাসে তিনটির বেশি হত্যার ঘটনা স্থানীয়দের আতঙ্কে রেখেছে।
বিশ্লেষক ও নাগরিক সমাজ মনে করে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাই এসব ঘটনার মূল কারণ। জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপুর মতে, একটি হত্যাকাণ্ড ভুক্তভোগী ও অভিযুক্ত উভয় পরিবারের জন্যই সর্বনাশ বয়ে আনে, যা সমাজে নতুন সমস্যার জন্ম দেয়। পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সব মামলার তদন্ত চলছে—৪টিতে অভিযোগপত্র দাখিল, ২টিতে প্রতিবেদন জমা এবং ২০টি মামলা এখনও তদন্তাধীন। তার মতে, কার্যকর বিচার নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অপরিহার্য।

মন্তব্য করুন