শুক্রবার, ৩ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের দেওপাড়া চত্বর এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয় ইটের শুরকি বোঝাই একটি ড্রাম ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যায় চার বছরের একটি শিশু। একই পরিবারের আরও দুইজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন—নরসিংদীর মনোহরদী উপজেলার দশদোনা গ্রামের অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আবু তালেব (২৭) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের শিশু ছেলে তানিম (৪)। আহত হয়েছেন তানিমের বাবা হাফিজুর রহমান (৪০) ও মা ছালমা বেগম (৩৫)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক রাসেল মিয়া জানান, ঘোড়াশালগামী ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অলিউল্লাহ ও আবু তালেব মারা যান। গুরুতর আহত অবস্থায় শিশু তানিমকে শ্রীপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই দুর্ঘটনা আবারও দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচলের বিষয়টি সামনে এনেছে।

মন্তব্য করুন