ঢাকা, ৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, ভুয়া পিএইচডি ডিগ্রি এবং গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। তবে হাইকোর্টে রিট করার পর তিনি আপাতত স্বপদে বহাল রয়েছেন। আগামী ২৮ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি নির্ধারিত হয়েছে।
বিসিএসআইআরের মহাপরিচালক অনুপম বড়ুয়া জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি অভিযোগগুলো প্রাথমিকভাবে সত্য প্রমাণ করায় পরিচালনা বোর্ড তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। কিন্তু আদালতের স্থগিতাদেশে তিনি এখনো দায়িত্ব পালন করছেন।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি একাধিকবার স্পষ্ট করেছে, মালা খানের পিএইচডি ডিগ্রি অবৈধ। অভিযোগ রয়েছে, তার গবেষণাপত্রে সরকারি প্রকল্প ও বিদেশি প্রতিবেদন থেকে নকল করা হয়েছে।
এখন আদালতের রায়ের ওপর নির্ভর করছে তার ভবিষ্যৎ পদমর্যাদা ও দায়িত্বে থাকা না-থাকা।

মন্তব্য করুন