রংপুরের পীরগঞ্জে দাদির কাছে টাকা চেয়ে না পেয়ে তাকে জবাই করে হত্যার দায় স্বীকার করেছে ১৯ বছর বয়সি অনিক হাসান হৃদয়। সোমবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল আমলি ম্যাজিস্ট্রেট মন্তাজ আলীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

ঘটনাটি ঘটে ১৮ অক্টোবর রাতে, পীরগঞ্জ উপজেলার খেদমতপুর ইউনিয়নের ঘেগারতল এলাকায়। নিহত আকলিমা বেগম (৬৫) ছিলেন মো. হাকিম মিয়ার স্ত্রী। পরদিন সকালে প্রতিবেশীরা ঘরে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হত্যাকাণ্ডের কোনো ক্লু না থাকায় পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার সাভার এলাকা থেকে অনিককে গ্রেপ্তার করে পীরগঞ্জ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে এবং আদালতে জবানবন্দি দেয়।

পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, “হৃদয় দাদির কাছে ১০ হাজার টাকা চেয়েছিল। না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে অস্ত্র দিয়ে হত্যা করে।” নিহতের ভাই অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box