রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদ ভূয়াছড়ি এখন পরিবর্তনের পথে। দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম হাতে নিয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে স্থানীয় তরুণদের অংশগ্রহণে এক বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ খেলায় তরুণদের মধ্যে ক্রীড়া চর্চা, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদার করার লক্ষ্য তুলে ধরা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, “শিক্ষাই জাতির মেরুদণ্ড”—এই নীতিকে ধারণ করে তারা দুর্গম জনপদে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নিরলসভাবে কাজ করছে। ভূয়াছড়ি ও আশপাশের এলাকায় ৮৫০ পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা, কলম, রাবার ও পেন্সিল বিতরণ করা হয়েছে। নতুন ব্যাগ হাতে শিশুদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

গত এক সপ্তাহে সেনাবাহিনী স্থানীয়দের মাঝে ২৫৪ জনকে নগদ অর্থ, ৩৭৬ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ২৭টি ফুটবল, ৩০ সেট ক্রিকেট ব্যাট-বল, ৩০ সেট জার্সি, ১৫০টি লুঙ্গি ও ২০০টি গেঞ্জি বিতরণ করেছে। এছাড়া মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৭০০ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

স্থানীয় প্রবীণরা সেনাবাহিনীর এই উদ্যোগকে “আশীর্বাদ” হিসেবে দেখছেন। তাদের ভাষ্য, সেনাবাহিনী শুধু নিরাপত্তা নয়, বরং জনগণের কল্যাণ ও সামাজিক রূপান্তরেও নিবেদিত। ভূয়াছড়ির মানুষ এখন বিশ্বাস করে—রাষ্ট্র তাদের ভুলে যায়নি। সেনাবাহিনীর উপস্থিতি পাহাড়ি জনপদের জীবনে নতুন আলো এনেছে।

Facebook Comments Box