সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ বিধিনিষেধ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ৩১ ডিসেম্বর (বুধবার) থেকে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত এই শোক পালনকালীন সময়ে নগরবাসীকে একগুচ্ছ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শোকের গাম্ভীর্য রক্ষায় ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। এছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রার আয়োজন করা যাবে না। উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন যে কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ করে থার্টি ফার্স্ট নাইটের সময় এই নির্দেশনাগুলো অত্যন্ত কঠোরভাবে পালন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শোকের এই সময়ে নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মন্তব্য করুন