সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিশন সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দুই আসনে ভোটের যাবতীয় প্রক্রিয়া বন্ধ থাকবে। মূলত সংসদীয় আসনের সীমানা নিয়ে আইনি লড়াইয়ের পর উচ্চ আদালতের নির্দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আদালত সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করেছিল ইসি। সেখানে সাঁথিয়া ও বেড়া উপজেলার এলাকাগুলোর ভৌগোলিক বিন্যাস পরিবর্তন করা হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জহিরুল ইসলাম ও আবু সাঈদ নামে দুই ব্যক্তি পৃথক রিট করেন। এর প্রেক্ষিতে গত বছরের ১৮ ডিসেম্বর হাইকোর্ট ইসির ওই গেজেট অবৈধ ঘোষণা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে সীমানা আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন।

হাইকোর্টের ওই আদেশের পর গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন পাবনার আসন দুটি নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি দেয়। তবে গত ৫ জানুয়ারি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ইসির সেই সংশোধিত বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করেন। আপিল বিভাগের এই সাম্প্রতিক হস্তক্ষেপের কারণেই মূলত আসন দুটিতে ভোট আয়োজন অনিশ্চয়তায় পড়ল।

উল্লেখ্য, ইসির আগের সিদ্ধান্তে সাঁথিয়া উপজেলার সম্পূর্ণ অংশ নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা-২ আসন করার পরিকল্পনা ছিল। তবে আইনি বিরোধের কেন্দ্রে ছিল বেড়া উপজেলার কয়েকটি ইউনিয়নের অন্তর্ভুক্তি। বর্তমান আদেশের ফলে পুরো নির্বাচনী এলাকাটির আইনি ও প্রশাসনিক অবস্থান ঝুলে গেল।

Facebook Comments Box