তেপান্তর রিপোর্ট:
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে একটি সাদা খাম সাঁটিয়ে দিয়ে দ্রুতবেগে পালিয়ে গেছে এক মোটরসাইকেল আরোহী। গত বুধবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে গুলশানের ৬৫ নম্বর সড়কে এই ঘটনা ঘটে। বিষয়টি গতকাল রবিবার (১৮ জানুয়ারি) জানাজানি হওয়ার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারেক রহমান যখন বুলেটপ্রুফ গাড়িতে করে ফিরছিলেন, তখন তার সামনে-পেছনে নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) মোতায়েন ছিল। এর মধ্যেই একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে গাড়ির গায়ে স্কচটেপ দিয়ে খামটি লাগিয়ে চম্পট দেয়। আকস্মিক এই ঘটনায় ওই সময় সিএসএফ সদস্যরা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাননি বলে জানা গেছে।
এ ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত খাম সাঁটানো ওই মোটরসাইকেল বা আরোহীকে শনাক্ত করতে পারেনি। খামটির ভেতরে কী ছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও বিএনপির পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে যে, খামটি ছিল সম্পূর্ণ খালি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী ঠিক কী উদ্দেশ্যে চলন্ত গাড়িতে খাম লাগিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে খামটি পুলিশের হাতে দেওয়া হয়নি এবং তারা এটি দেখেননি। সিএসএফের বরাত দিয়ে পুলিশ জানায়, খামের ভেতর কোনো চিঠি বা চিরকুট ছিল না।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, খামটি বর্তমানে বিএনপির নিজস্ব নিরাপত্তা দল সিএসএফের কাছে রয়েছে। এর ভেতরে কোনো লিখিত বার্তা ছিল কি না, তা পুলিশকে এখনো জানানো হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন