বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মোহাম্মদ ছরওয়ারে আলম রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। ডিবি পুলিশের দাবি, এই সাইবার হামলার সঙ্গে ছরওয়ারের জড়িত থাকার ‘যথেষ্ট প্রমাণ’ তাদের হাতে রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সিরাজুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ছরওয়ার ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বঙ্গভবনের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজারবাগ পুলিশ লাইন্স সংলগ্ন সরকারি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান বলেন, “গ্রেপ্তার হওয়া কর্মকর্তার ব্যবহৃত সব ধরনের ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে হ্যাকিংয়ের ঘটনায় তার সংশ্লিষ্টতার ডিজিটাল পায়ের ছাপ পাওয়া গেছে।” এই ঘটনা নিয়ে কোনো ধরনের অপতথ্য না ছড়ানোর জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্ট ভাইরাল হয়। জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক জানানো হয়েছিল, অ্যাকাউন্টটি হ্যাক করে সুপরিকল্পিতভাবে ওই আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। এই ঘটনায় আগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, যা এখন নিয়মিত মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Facebook Comments Box