বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন।
সকালে পুলিশ সদর দপ্তরে পৌঁছালে নবনিযুক্ত আইজিপিকে একটি সুসজ্জিত পুলিশ দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। বর্তমান দায়িত্ব পাওয়ার আগে তিনি এপিবিএন-এর অতিরিক্ত আইজি হিসেবে কর্মরত ছিলেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করা আলী হোসেন ফকির মাঠপর্যায়ে নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি এপিবিএন ও আরআরএফ-এর বিভিন্ন ইউনিটে কমান্ড্যান্ট ও অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। ডিআইজি পদে থাকাকালীন তিনি পুলিশ সদর দপ্তর ও এসপিবিএন-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে কসোভো ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন। ১৯৬৮ সালে বাগেরহাটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মন্তব্য করুন