আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের সদর উপজেলায় জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে।
গত ৭ মে শুক্রবার পালং থানাধীন ৪৪নং খেলসী বিলাসখান মৌজার বিআরএস ১৫৬নং খতিয়ানের ৫০৫ নং দাগের ৮ শতাংশ নালিশী ভূমিতে মালেক নাগাছি, রহিম নাগাছি ও সুজন নাগাছি গংদের বিরুদ্ধে জোরপূর্বক এ ঘর উত্তোলনের অভিযোগ ওঠে।
অভিযোগকারী আব্দুর রব নাগাছি অরফে হাওলাদার ও তার স্ত্রী জানান, আমরা গত ২০ জুন ২০১৬ সালে দেওয়ানী সিনিয়র সহকারী জজ আদালতে ৪৪নং খেলসী বিলাসখান মৌজার বিআরএস ১৫৬নং খতিয়ানের ৫০৫ নং দাগের ৮ শতাংশ আমাদের নালিশী ভূমি নিয়ে ৭৮/২০১৬ সালে একটি নিষেধাজ্ঞা মামলা করি। কারন, আমাদের উক্ত জমিতে জোরপূর্বক মালেক নাগাছি, রহিম নাগাছি ও সুজন নাগাছি গং ঘর উত্তোলনের চেষ্টা চালাচ্ছিল। দীর্ঘদিন ঘর উত্তোলনের কাজ বন্ধ থাকলেও গত ৭ মে শুক্রবার থেকে মালেক নাগাছি গং দ্বয় শরীয়তপুরের প্রভাবশালী নেতা বাচ্চু বেপারীর নাম করে আমাকে ভয় দেখিয়ে আবার ঘর উত্তোলন শুরু করছে। এ বিষয়ে আমরা আইনের নিকট সঠিক বিচার চাই।
এ বিষয়ে মালেক নাগাছি বলেন, আমরা ঘর উত্তোলন করতে গেলে আব্দুর রব নাগাছি, পালং থানায় অভিযোগ করে। এ বিষয়ে আমাদের উভয়পক্ষকে পালং মডেল থানায় ডেকেছিল। ঐ সালিশে আমরা প্যানেল মেয়র বাচ্চু বেপারীকে রেখেছিলাম। কিন্তু আব্দুর রব নাগাছি থানায় যায়নি। তাই পালং থানা থেকে কথা বলে বাচ্চু বেপারী আমাদের ঘর উত্তোলন করতে বলে দেয়। তাই আমরা ঘর উত্তোলন করছি।
পালং মডেল থানার ওসি আখতার হোসেন বলেন, এ ব্যাপারে ঘর উত্তোলনের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও কারও যদি ঘর উত্তোলনের ব্যাপারে অভিযোগ থাকে, আমার নিকট সরাসরি আসলে আমি ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন