শরীয়তপুরে কর্মস্থলে নারীস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শর্মীষ্ঠা বিশ্বাস।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী শীলের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ডা. হোসনে আরা রোজি, সিনিয়র কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস্), ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, শরীয়তপুর।

অনুষ্ঠানে শরীয়তপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত নারী ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী কর্মচারী এবং নারী আইনজীবীরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে শর্মীষ্ঠা বিশ্বাস বলেন, “বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নারীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখছেন। কর্মক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে প্রতিকূল পরিবেশেও নারীস্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকা জরুরি।”

প্রধান আলোচক ডা. হোসনে আরা রোজি কর্মক্ষেত্রে নারীস্বাস্থ্য সুরক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতা, করণীয় এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তাদের বাস্তব সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ নেন।

সমাপনী বক্তব্যে শর্মীষ্ঠা বিশ্বাস নারীস্বাস্থ্য সুরক্ষায় ধারাবাহিক সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box