দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শরীয়তপুর জেলা হাসপাতালে পুনরায় চালু হলো ব্লাড ব্যাংক। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের ব্লাড ব্যাংক দীর্ঘ ১৬ বছর ধরে বন্ধ ছিল জনবলসংকটের কারণে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মিতু আক্তার, ডা. হোসনে আরা রোজী, ডা. আকরাম এলাহি, ডা. রফিকুল ইসলাম মামুন, ডা. ইকবাল, ডা. কনক জ্যোতি মণ্ডল এবং প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, “ব্লাড ব্যাংক চালু হওয়ায় রোগীরা এখন থেকে জরুরি রক্তের চাহিদা হাসপাতালেই পূরণ করতে পারবেন। বাইরের সিন্ডিকেটের হয়রানি থেকে মুক্তি মিলবে এবং সেবার মানও বাড়বে।” তিনি জানান, উন্নতমানের ফ্রিজে ২৮ দিন পর্যন্ত রক্ত সংরক্ষণ করা যাবে।

চিকিৎসকদের মতে, এই ব্লাড ব্যাংক চালু হওয়ায় অস্ত্রোপচার, প্রসূতিসেবা, দুর্ঘটনা ও রক্তস্বল্পতাজনিত রোগীদের জন্য দ্রুত ও নিরাপদ রক্ত সরবরাহ সম্ভব হবে। আগে রোগীর আত্মীয়দের প্রাইভেট ব্যাংক বা ডোনার গ্রুপে যোগাযোগ করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ব্লাড ব্যাংক সচল থাকলে জরুরি সিজারিয়ান বা অপারেশন বিলম্ব ছাড়াই করা যাবে। এতে মাতৃমৃত্যু ও নবজাতকের জটিলতা কমবে, দুর্ঘটনা বা ডেঙ্গু রোগীর জীবন বাঁচানোর সম্ভাবনা বাড়বে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লাড ব্যাংকের জন্য দুটি মেডিকেল টেকনোলজিস্ট পদায়নের কথা থাকলেও এখনো তা হয়নি। ফলে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে।

Facebook Comments Box