অবৈধভাবে বিদেশ গমন ও মানবপাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে এক সচেতনামূলক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সদর উপজেলার একটি বেসরকারি সংস্থা এসডিএফ-এর সভাকক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মানবাধিকার বিষয়ক সংগঠন রাইটস যশোর।

রাইটস যশোর জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সনদ ‘বিল অব রাইটস’-এর আদর্শে প্রতিষ্ঠিত একটি মানবাধিকার সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে অনিয়মিত অভিবাসন রোধ, মানবপাচার প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পটির মূল লক্ষ্য হলো সম্ভাব্য বিদেশগামীদের নিরাপদ অভিবাসনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, বিদেশযাত্রার আগে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান এবং স্থানীয়ভাবে সামাজিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে তরুণদের কর্মসংস্থানের মাধ্যমে ক্ষমতায়ন করা।

এ কর্মসূচির আওতায় জনসচেতনতা বৃদ্ধি, সম্ভাব্য অভিবাসী পরিবারকে সহায়তা প্রদান, দক্ষতা উন্নয়ন এবং দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করতে শরীয়তপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন—অমল বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট; তারেক মাহমুদ, সিনিয়র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট; মোহাম্মদ মামুনুর রশিদ, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট; প্রদীপ্ত মণ্ডল, ডিরেক্টর (প্রোগ্রাম), রাইটস যশোর; এস. এম. আজহারুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর, রাইটস যশোর; মোহাম্মদ হারুন অর রশিদ, প্রোগ্রাম অফিসার, কেরানীগঞ্জ; প্রণব কুমার দাস, জেলা ব্যবস্থাপক (যশোর) এবং মৌসুমী আক্তার, প্রোগ্রাম অফিসার, রাইটস যশোর।

Facebook Comments Box