দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।
বুধবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শরীয়তপুর সদর হাসপাতালের সামনে কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

হঠাৎ কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন সেবা ব্যাহত হয় এবং কয়েক শত রোগী ভোগান্তির শিকার হন। বিশেষ করে ডায়াগনস্টিক ও ল্যাব সেবা বন্ধ থাকায় রোগীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে দেখা যায়। জরুরি বিভাগ চালু থাকলেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ছিল বলে জানান সেবা নিতে আসা অনেকে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। দ্রুত দশম গ্রেড বাস্তবায়নসহ সব বৈষম্য নিরসনের দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আগামীকাল পূর্ণদিবস কর্মবিরতি পালনসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আন্দোলনের কারণে সেবা ব্যাহত হওয়ায় রোগী ও স্বজনরা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box