শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে অবস্থিত রোয়ান সুইটস নামক একটি মিষ্টির দোকানে নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস।

তিনি জানান, দোকানটিতে দই ও ঘি সঠিকভাবে লেবেলিং ছাড়াই বিক্রি করা হচ্ছিল। পণ্যের উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে এবং যথাযথ মোড়কজাতকরণ ব্যতীত এসব খাদ্যপণ্য বাজারজাত করা হচ্ছিল। এছাড়া রান্না করা ও কাঁচা খাবার নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়। খাদ্যের সঙ্গে পোকামাকড়ের উপস্থিতিও লক্ষ্য করা যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

তিনি আরো জানান, প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হলেও কোনো ধরনের সংশোধন না করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় রোয়ান সুইটসকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box