বাহরাইনে এক প্রবাসীর বাসায় বিপুল সংখ্যক পোস্টাল ব্যালটের খাম গণনা করার ঘটনা ভোটারদের মধ্যে গভীর সন্দেহ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের শিকদার বাড়িতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মিয়া নুরুদ্দিন অপু বলেন, “নির্বাচনের প্রথম দিকেই বাহরাইনে যে পোস্টাল ব্যালট গণনার ঘটনা সামনে এসেছে—তা ভোটারদের মাঝে সন্দেহ এবং অনিশ্চয়তা তৈরি করেছে। এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব।”
তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও নিরাপত্তা জোরদার করা জরুরি। “নির্বাচনকে যদি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে হয়, তাহলে এসব ঘটনার দ্রুত সুরাহা করা প্রয়োজন”—যোগ করেন তিনি।
এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চাইলে মিয়া নুরুদ্দিন অপু বলেন, “শরীয়তপুরবাসীর সেবা করার উদ্দেশ্যেই আমি রাজনীতিতে এসেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘I Have a Plan’ নীতিতে বিশ্বাস করেন এবং কোনো আলাদা প্রতিশ্রুতি দেন না। তাঁর ঘোষিত ৩১ দফার মধ্যেই বাংলাদেশের আধুনিক, উন্নত ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্ণাঙ্গ পরিকল্পনা রয়েছে।”
সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। এলাকায় এ বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box