পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শরীয়তপুরে জমে উঠেছে ঈদের বাজার। দশ রোজা অতিবাহিত হওয়ার পরপরই জেলার অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে কেনাকাটার এই উৎসবমুখর চিত্র দেখা গেছে।
প্রবাসী অধ্যুষিত জেলা হওয়ায় শরীয়তপুরের অর্থনীতিতে রেমিট্যান্সের বড় প্রভাব রয়েছে। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য প্রবাসীদের পাঠানো অর্থে ঈদের কেনাকাটায় বাড়তি গতি সঞ্চার হয়েছে। শহরের তৈরি পোশাক, কাপড়, কসমেটিকস ও জুতোর দোকানগুলোতে এখন দম ফেলার ফুসরত নেই বিক্রেতাদের। তবে পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; কেউ সন্তোষ প্রকাশ করলেও কেউ কেউ অতিরিক্ত দামের অভিযোগ তুলেছেন।
ব্যবসায়ীরা জানান, প্রবাসী পরিবারগুলোর পাশাপাশি স্থানীয় কৃষি ও মৎস্যজীবী মানুষও কেনাকাটায় অংশ নিচ্ছেন। পালং উত্তর বাজারের কাপড় ব্যবসায়ীরা আশা করছেন, রোজা যত ফুরিয়ে আসবে, ভিড় তত বাড়বে। অন্যদিকে, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের প্রধান ভরসা হয়ে উঠেছে রাস্তার ধারের ফুটপাতগুলো। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে নিরাপত্তা ও বাজার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

মন্তব্য করুন