শরীয়তপুর ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে আগুন লেগে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ২৯ মার্চ শনিবার রাত ৩ টার সময় ধানকাঠি ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের কৃষক নাছির বেপারির বাড়িতে মশার কয়েল থেকে আগুন লেগে বাড়িতে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কৃষক নাছির বেপারি বলেন, রাত ৩ টার সময় বাড়িতে আগুন লাগলে আমার স্ত্রী টের পেয়ে ডাক চিৎকার শুরু করে। পরে আশে পাশের লোকজন আগুন নেভাতে আসে। চারপাশে কোথাও পানি না থাকায় আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমার তিলে তিলে গড়া কষ্টের ঘর সংসার সব শেষ হয়ে গেছে। আমি ব্র্যাক ব্যাংক থেকে ৫০ হাজার টাকা লোন নিয়েছি। আমার ঘরে ৩৮ মণ ধান, চাউল ১০ মণ, গম ৮ মণ, ৪০ মণ ধনিয়া, ৮ মণ কলই, ১৫ মণ সরিষা, ৫০ টি মুরগী, ২ টি গরু, ৩ টি ছাগল ও ১ টি ফ্রিজ ছিলো। গ্যাসের চুলা সহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সব শেষ হয়ে গেছে।
প্রতিবেশী কমল সরকার বলেন, আশে পাশে কোন পুকুর, ডোবা নালা নেই। একটা ডোবা থাকলেও তাতে পানি নেই। এলাকার লোকজন দাঁড়িয়ে আগুন দেখা ছাড়া কিছুই করার ছিলো না। ফায়ার সার্ভিস আসতে আসতে বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তারা এসে পোড়া ছাইয়ে পানি দিয়েছে। গরম টিন ঠান্ডা করেছে।
ডামুড্যা ফায়ার ফাইটার প্রদীপ কিত্তনিয়া বলেন, প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এবং রাস্তা না থাকায়। যেতে একটু দেরি হয়েছে। ঐখানে আমাদের সরঞ্জাম ভ্যানে করেও নিতে হয়েছে। আশে পাশে পানিও ছিলনা। তারপরে অবশিষ্ট যা ছিলো নিভিয়েছি। আগুনটি মশার কয়েল থেকে লেগেছে।

Facebook Comments Box