শরীয়তপুরের ডামুড্যায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নির্যাতনকারীদের শাস্তির দাবীতে ডামুড্যা প্রেসক্লাবের উদ্যোগে অবস্থান কর্মসূচী ও কলম বিরতি পালন করা হয়েছে।

বুধবার (১৯ মে) বিকেল সাড়ে ৩ টায় ডামুড্যা উপজেলার শহীদ মিনারের সামনে এ অবস্থান কর্মসূচী ও কলম বিরতি পালিত হয়। অবস্থান কর্মসূচী ও কলম বিরতিতে ডামুড্যা প্রেসক্লাবের নেতা-কর্মীসহ সাংবাদিকরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকন, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি কালাম সরদার, দৈনিক আজকের প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মিরাজ সিকদার, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী সিকদার, ডামুড্যা প্রেসক্লাবের সদস্য এনামুল হক ইমরান ও সাংবাদিক মাহবুব আলম প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পন। রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের অনিয়ম ও দুর্নীতিসহ সমাজের অসঙ্গতিগুলো সাংবাদিকগণ গণমাধ্যমে তুলে ধরেন বলেই জাতি তা জানতে পারেন। এর ফলে অনিয়ম-দুর্নীতি অনেকাংশে কমে আসে। ফলশ্রুতিতে রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যায়।

সাংবাদিক রোজিনা ইসলামও স্বাস্থ্য বিভাগের নানা রকম অনিয়ম, দুর্নীতি ও জনগণের শত শত কোটি টাকা লুটপাটের খবর ধারাবাহিকভাবে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশ করায় সংশ্লিষ্ট দুর্নীতিবাজরা তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং গত সোমবার বিকালে পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহে সচিবালয়ে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন নেছা বেগমসহ অন্যান্যরা পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে তার উপর অমানবিক নির্যাতন চালায়। অতিরিক্ত সচিব জেবুন নেছা বেগম একপর্যায়ে রোজিনা ইসলামের গলা টিপে ধরে। অন্যান্যরা তাকে শারিরীক ও মানসিক নির্যাতনের পর মিথ্যা মামলা সাজিয়ে পুলিশে সোপর্দ করে।

বক্তাগণ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে হেনেস্তাকারীদের কঠোর শাস্তি দাবী করেন। দাবি না মানা পর্যন্ত এই অবস্থান কর্মসূচী ও কলম বিরতি চলবে।

Facebook Comments Box