পবিত্র মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মদিনার মসজিদে নববীতেই তার জানাজার নামাজ আদায় করা হয়।

দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করা শেখ ফয়সাল তার সুমধুর আজানের জন্য বিশ্বব্যাপী সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে মদিনার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানাজা শেষে মরহুমকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করার কথা রয়েছে। নিবেদিতপ্রাণ এই খাদেমের মৃত্যুতে মুসলিম বিশ্বের শীর্ষ আলেম ও ওলামারা গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

মদিনার আজানে এক বিশেষ মাত্রা যোগ করা এই মুয়াজ্জিন অসংখ্য হাজি ও জিয়ারতকারীদের কাছে প্রিয় ছিলেন। তার প্রয়াণকে মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করা হয়েছে।

Facebook Comments Box