শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ৫ দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৩ টায় শরীয়তপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা’র উদ্যোগে স্কুল ও কলেজের অংশগ্রহণে এ উদ্বোধনী অুনষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এর মিসেস, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান শেখ, জাজিরা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, ডামুড্যা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, গোসাইরহাট উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হুসাইন ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তানভীর-আল-নাসীফ।
রবিবার বিকাল ৩ টা ৩০ মিনিটে ব্যাডমিন্টন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টিম-১ বনাম আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় টিম-১। পরে বিকাল ৪ টায় আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় টিম-২ বনাম পালং উচ্চ বিদ্যালয় টিম-২ এর মধ্যেকার ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টা ৩০ মিনিটে কলেজ পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে শরীয়তপুর সরকারি কলেজ টিম-১ বনাম গোলাম হায়দার খান মহিলা কলেজ টিম-১।
১৭ ফেব্রুয়ারি সোমবার (আজ) বিকাল ৩ টা ৩০ মিনিটে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টিম-২ বনাম পালং উচ্চ বিদ্যালয় টিম-২ এর মধ্যেকার খেলা, বিকাল ৪ টায় শরীয়তপুর সরকারি কলেজ টিম-২ বনাম নড়িয়া সরকারি কলেজ টিম-১ এর মধ্যেকার খেলা এবং বিকাল ৪ টা ৩০ মিনিটে গোলাম হায়দার খান মহিলা কলেজ টিম-২ বনাম নড়িয়া সরকারি কলেজ টিম-২ এর মধ্যেকার খেলা অনুষ্ঠিত হবে।
আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ টা ৩০ মিনিটে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের এবং বিকাল ৪ টায় কলেজ পর্যায়ের মধ্যেকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন