শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় প্রথমবারের মতো লেখক ও পাঠকদের নিয়ে সাহিত্য মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। গোসাইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্য সমালোচক কবি ফরিদ কবির ও তুষার দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মিজানুর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সরকারি শামসুুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক মোল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু ছৈয়াল। জেলার বিভিন্ন পর্যায়ের লেখক ও পাঠকগনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য মানুষকে মননশীল করে তোলে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে। সাহিত্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে মানুষের মাঝে সাহস সঞ্চার করে। সমাজ ও দেশকে সুন্দর করতে হলে অবশ্যই সাহিত্যের কাছে আশ্রয় নিতে হবে।কবি-সাহিত্যিকদের সম্মিলন কিংবা মেলার মাধ্যমে জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার মাধ্যমে দেশের সাহিত্য কর্ম আরও সমৃদ্ধ হবে বলে আমরা মনে করি।
দুই দিনব্যাপী এই আয়োজনে সাহিত্য, প্রবন্ধপাঠ ও আলোচনার সঙ্গে থাকবে লেখক কর্মশালা। সাহিত্যের বিভিন্ন ধরণ, ছন্দ, বানান, বাক্য গঠন নিয়ে এ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে।
এরপরে জেলা প্রশাসক শরীয়তপুর বইঘর নামে একটি বইঘর এবং উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত একটি অস্থায়ী বইঘর পরিদর্শন করেন।

মন্তব্য করুন