শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার দাসের জঙ্গল বাজার এলাকায় সড়ক ও জনসাধারণের চলাচলের পথে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌরসভা প্রশাসক শেখ নওশাদ হাসান। অভিযানের আগে সংশ্লিষ্টদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল বলে জানান তিনি।
অভিযানের সময় গোসাইরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম মোল্লাসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দাসের জঙ্গল বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের পাশে ও চলাচলের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। এতে সড়ক সংকুচিত হয়ে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বাজার এলাকায় যানজট ও জনভোগান্তি বাড়ছিল।
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কের জায়গা দখলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছিল। জনস্বার্থে সড়ক ও চলাচলের জায়গা দখলমুক্ত রাখতে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও কেউ যেন সেখানে নতুন করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে, সে বিষয়েও নজরদারি রাখা হবে।

মন্তব্য করুন