দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত নিয়ে আসবেন ড. ইউনূস, সেই টাকায় বিনা সুদে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। বিনা সুদের সেই লোন পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। প্রাথমিকভাবে এক হাজার টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ। এমন প্রলোভনে রোববার দিবাগত রাতের প্রথম প্রহর থেকে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ বাসযোগে ঢাকায় আসতে শুরু করেন।
সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শাহবাগ থেকে এমন অসংখ্য বাসকে ফেরত পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা যায়, রাজধানীর শাহবাগ এলাকায় ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন এক লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে সাধারণ মানুষকে সমবেত করার চেষ্টা করে। তবে পুলিশের পদক্ষেপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় শাহবাগ থানায় আটক করা হয়েছে প্রতারক চক্রটির ১০-১৫ জনকে।
বাসযোগে আগত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিম্ন আয়ের মানুষ। কেউ ক্ষেতে, ইটভাটায় কাজ করে এমন। নিম্ন আয়ের।মানুষদের টার্গেট করে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ প্রত্যন্ত অঞ্চল থেকে এসব বাসভর্তি মানুষ আসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, ফরওয়ার্ড পার্টি নামে একটি সংগঠনের প্রলোভনে নিম্নআয়ের মানুষগুলো ঢাকায় এসেছে। প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীদের সহায়তায় নেতাগোছের সন্দেহভাজন ১৫ জনকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। বাসভর্তি মানুষের উপস্থিতির কথা জানতে পেরে টিএসসি ও শাহবাগ এলাকায় চলে এসেছেন ছাত্র-জনতা।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনার পর মিছিল সহকারে শিক্ষার্থীরা টিএসসি ও শাহবাগ এলাকায় চলে আসলে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এসময় স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, ছাত্রজনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা যেকোনো সময় ষড়যন্ত্র রুঁখে দিতে মাঠে থাকব।
বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে মানুষদের জড়ো করার পিছনে ষড়যন্ত্রের আভাস দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গোয়েন্দা সংস্থা ও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা।
সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উস্কে দেওয়ার পাশাপাশি সারাদেশ থেকে মানুষ নিয়ে এসে অরাজক পরিবেশ তৈরি করে ছাত্রজনতার গণঅভ্যুত্থান ব্যর্থ করে দিতে চায়। আমরা পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কি কাজ, তা জানতে চায়। তারা কেন অবগত নয়, প্রশ্নও রাখেন কাদের।



মন্তব্য করুন