শরীয়তপুরের জাজিরায় কথিত মনা পাগলার মেলার বিরুদ্ধে জনসমাবেশ করেছে ইসলামি সমমনা রাজনৈতিক ও অরাজনৈতিক দলগুলো। মঙ্গলবার ২৬ নভেম্বর জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর থেকে শুরু হওয়া সমাবেশ চলে সন্ধ্যা পর্যন্ত।

সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহম্মেদ চৌধুরী, শরীয়তপুর জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আকরাম এলাহী, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব হাসেমী, সর্বদলীয় অনৈসলামিক কর্মকান্ড বিরোধী সমন্বয় কমিটির জাজিরা শাখার আহ্বায়ক মুফতি মাহাবুবুর রহমান (জিয়া), উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শহিদুল ইসলামসহ আলেম সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের কয়েক হাজার মুসলিম জনতা।

উপস্থিত বক্তারা বলেন, মনা পাগল এক ধরনের মানসিক রুগী ছিলেন। সে সারা বছর গোসল করতো না এবং বিভিন্ন অনৈসলামিক ও শেরেক কর্মকান্ডে জড়িত ছিলেন। আজকে তিনি নেই, কিন্তু একইভাবে কিছু অবুঝ মুসলিম ভাই শেরেক ও বেদআতে ডুবে যাচ্ছে। আজ আমরা ঈমানী দায়িত্ব থেকে এসব শেরেক ও বিদআতি কার্যক্রম থেকে আমার ভাইদের রক্ষা করতে এসেছি।

তারা আরও বলেন, ইসলামি ওরস নাম দিয়ে তারা যে মেলা করতেছে, এ মেলার কারণে আমাদের সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা বেড়ে যাচ্ছে। বেহায়াপনা ও অশ্লীলতার এ ওরস প্রশাসন যদি বন্ধ না করে, তাহলে তারা কঠোর কর্মসূচির ডাক দিবেন বলে জানান।

সভাপতির বক্তব্যে শরীয়তপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বখর বলেন, আমরা প্রশাসনকে বলেছি, ইসলাম পরিপন্থী কোনো কাজ মনা পাগলার ওরসে হতে দেয়া হবে না। আমরা কিছু শর্ত দিয়েছি, যা তারা পালন করবে বলে জানিয়েছে। ওরসে আমাদের প্রতিনিধি দল থাকবে, যদি কেউ ইসলাম বিরোধী কো কাজ করে, তাদের কঠোর ভাবে প্রতিরোধ করা হবে।