শরীয়তপুর সরকারি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খ্রিষ্টীয় প্রথম বা তৃতীয় শতাব্দীতে গ্রিক লেখক লঙ্গিনাস তার ‘অন দ্য সাবলাইম’ গ্রন্থে সাহিত্যের সাবলিমিটিকে ভাষার শ্রেষ্ঠত্ব, মহান আত্মার অভিব্যক্তি এবং পাঠকদের মধ্যে পরমানন্দকে উস্কে দেওয়ার শক্তি হিসেবে সংজ্ঞায়িত করে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একইভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম জায়গায় স্থান দিতে চাই আমরা। সাহিত্যের সাবলিমিটিতে উন্নত ভাষা, শক্তিশালী বা মহান চিন্তার অপ্রতিরোধ্য প্রকাশকে যেমন গুরুত্ব দেওয়া হয় তেমনি জুলাই বিপ্লব একটি মহৎ উত্তরণে আসীন হয়েছে, যাকে আন্দোলনের সাবলিমিটি বা সমুন্নতি হিসেবে চিহ্নিত করা যায়।
নাগপুরের মারাঠাভাষী বর্গী এদেশে নেই, নেই ইংরেজ শাসন, নেই পাক বাহিনী-তবুও ৫৩ বছরে এদেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। সাম্য-সামাজিক ন্যায় বিচায় ও মানবিক সমাজ স্বাধীনতার মূলমন্ত্র হলেও স্বাধীন দেশে বেড়েছে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, চাকরির বৈষম্য, শ্রেণি বৈষম্য, জাতি বৈষম্য- তাই ১লা জুলাই ২০২৪, ন্যায্য অধিকারের দাবিতে উত্তাল প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ‘লাখো শহীদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ কোটা প্রথা নিপাত যাক/ মেধাবীরা মুক্তি পাক।’ শুরু হলো নির্মম নিপীড়ন-নির্যাতন। ১৪ই জুলাই রাতের স্তব্ধতা বিদীর্ণ করে প্রকম্পিত হলো রাজপথ- ‘চেয়েছিলাম অধিকার/ হয়ে গেলাম রাজাকার’; তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে- স্বৈরাচার স্বৈরাচার। জীবনকে হাতের মুঠোয় নিয়ে এসেছি। মাকেও বলে এসেছি, যদি আর না ফিরে- দাবি রেখোনা। আমাকে মারতে চাও? মারো-‘আসছে ফাল্গুনে দ্বিগুণ হবো। নির্বিচারে গুলি চালানো হলো উত্তাল জনসমুদ্রে। হাসিমুখে বুলেটের সামনে বুক চিতিয়ে দিল সাইদ, পানি লাগবে পানি বলতে বলতে ঢলে পড়লো মুগ্ধ’। দীপ্ত, মামুন, মনোয়ার, রিয়াজুর, শিশু রিয়াসহ হাজার হাজার ছাত্র-জনতার লাল রক্তে লালচে হলো বাংলার মাটি। মায়ের কোল খালি হলো, ভাইয়ের মধুর শৈশব, বোনের স্নেহের বন্ধন টুটে গেলো। বৃদ্ধপিতা নুয়ে পড়া পাতার মতো হাতে চিরনিদ্রায় শায়িত করে দিলো তার পিঞ্জরের মাণিককে।
ধরপাকড়ের দেশে গারদখানায় আর ঠাই মেলে না। তবুও গায়-‘কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী/এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল। এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল।’ আসছে ফাল্গুনের অপেক্ষায় আর থকাতে হয়নি। কোটি কোটি জনতার কণ্ঠে ধ্বনিত হলো-‘লাখো শহীদের রক্তে কেনা। দেশটা কারো বাপের না।’ ‘দিয়েছি তো রক্ত। আরও দেব রক্ত। আপস না সংগ্রাম/ সংগ্রাম সংগ্রাম’; হাজার হাজার ছাত্র-জনতার রক্ত মাড়িয়ে তো আর আপস চলেনা। অতঃপর ৩রা আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থীসহ সর্বস্তরের লক্ষ জনতা। আকাশে-বাতাসে, ভবনে- প্রাচীরে, লতায়-পাতায় প্রণিধ্বনিত হলো-এক দফা এক দাবী, স্বৈরাচারের পদত্যাগ। ৪ঠা আগস্ট সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে ১১৪ জনের মৃত্যু হলো। ৫ আগস্ট কারফিউ ভেঙে রাজপথে ছাত্র-জনতার ঢল, এই দিনেই গোপনে পদত্যাগ করে পালালেন স্বৈরশাসক। ৩৬ দিনের নতুন বাংলা। ছাত্র-জনতার ৩৬ জুলাই এর নতুন বাংলা।
উল্লেখিত স্মরণে গত ২ ডিসেম্বর সোমবার শরীয়তপুর সরকারি কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহবায়ক প্রফেসর প্রদ্যুৎ কুমার দাস’র সভাপতিত্বে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের উদ্দেশ্যে স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বৈষম্যবিরোধী আন্দোলনে শরীয়পুর সদর থেকে যারা শহিদ হয়েছেন, তাদের পরিবারের অভিভাবকবৃন্দকে। আমন্ত্রিত শহিদ পরিবারের মধ্য থেকে উপস্থিত ছিলেন, শহিদ মামুন মিয়া’র আব্বা আঃ গনি মাদবর ও শহিদের মা; শহিদ রিয়াজুল তালকদারের মা, ছোটভাই ও রিয়াজুলের দুই সন্তান। অসুস্থতার কারণে শহিদ মনোয়ার হোসেনের পরিবারের কেউ উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শহিদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করতে গিয়ে শোকবিহ্বল হয়ে পড়েন। তারা সরকারের কাছে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচরের দাবি জানান। শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক প্রধান অতিথির বক্তব্যে শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত বৈষম্যহীন বাংলাদেশ যেন পথ হারিয়ে না ফেলে, সে জন্য তরুণসমাজকে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানান। শহিদ পরিবারের যে-কোন সহযোগিতায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা, পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের মধ্য দিয়ে কলেজকে দেশের অন্যতম বিদ্যাপীঠে রূপান্তর করার জন্য সাবার সহযোগিতা কামনা করেন। অধ্যক্ষ মহোদয় শহিদ পরিবারের হাতে সম্মাননা স্মারক এবং অসুস্থ সদস্যদের চিকিৎসা বাবদ প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা অনুদান তুলে দেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস আলম করিব, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এমরান সরদার, বৈষম্যবিরোধী আন্দোলনে স্বক্রিয় অংশগ্রহণকারী শিক্ষার্থী শোভন, নাজির, সম্রাটসহ অন্যান্যরা স্মৃতিচারণ করেন।
জুলাই মাসের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃকিত অনুষ্ঠান পর্বে শরীয়তপুর সদর থেকে যে ১২জন শাহাদাত বরণ করেছেন, তাদের পরিচয় সম্বলিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং যেসব গান আন্দোলনকে বেগবান করেছিলো, কলেজের নিজস্ব শিল্পীগোষ্ঠী সম্মিলিত কণ্ঠে সেসব গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি সম্পূর্ণ সঞ্চালনায় ছিলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. অরেছুল আজম।



মন্তব্য করুন