জেলা তথ্য অফিসের উদ্যোগে শরীয়তপুরে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় আজ ০৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় শরীয়তপুর সরকারি কলেজ মিলনায়তনে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম(পিপিএম-সেবা) ও সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান।

মতবিনিময় সভায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে করণীয় বিষয়ক ধারণপত্র উপস্থাপন করেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক।

এছাড়া অত্র কলেজের অধাপক প্রদ্যুৎ কুমার দাসসহ বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, সহযোগী অধ্যাপক, প্রভাষকগণ, নাগরিক সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় বক্তরা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণে দিগন্ত উম্মোচন করেছেন। ৫ আগস্ট, ২০২৪ ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতার পর এখন সময় এসেছে নতুন করে রাষ্ট্রকে গঠন করার যেখানে কোন বৈষম্য থাকবেনা, মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবেনা, মানুষের বাক স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা, সামাজিক সুবিচার ও মৌলিক মানবাধিকার থাকবে। তরুণ জনগোষ্ঠীকে শিক্ষা-দীক্ষা ও প্রশিক্ষণে দক্ষ করে বাংলাদেশে বিদ্যমান ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। বক্তারা আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। তরুণরা যাতে তাদের আশা-আকাঙ্ক্ষা, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে সেজন্য রাষ্ট্র পরিচালনা নীতি তৈরীতে তাদের অংশগ্রহণ করতে হবে। এজন্য তরুণদের মাদকের ভয়াবহতা, কিশোর গ্যাং ও সন্ত্রাসবাদের মতো অনাচার থেকে তাদের দূরে থাকতে হবে এবং এসব সমস্যা সমাধানে তাদের মধে দেশপ্রেম, মূল্যবোধ, সততা ও নৈতিকতা জাগ্রত করতে হবে।