ঢাকা, ২১ সেপ্টেম্বর — রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের কাশবনে স্ত্রী বীথি আক্তার বিলকিসকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও ঋণের চাপ থেকে মুক্তি পেতেই তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগ।
ডিএমপির ডিসি মো. মুহিদুল ইসলাম রোববার এক সংবাদ সম্মেলনে জানান, পরিকল্পনা অনুযায়ী বাবুল তিন সহযোগীকে ভাড়া করে স্ত্রীকে হত্যা করেন। পরে মরদেহ কাশবনে ফেলে রাখা হয়। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বাবুল ও সহযোগী সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন।
১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন বীথি আক্তার। চার দিন পর ১৮ সেপ্টেম্বর সকালে কাশবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মা মনোয়ারা বেগম মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় তুরাগ থানায় হত্যা মামলা হয়।
“সুদখোরদের চাপ ও দাম্পত্য দ্বন্দ্ব বাবুলকে হত্যার দিকে ঠেলে দেয়” বললেন ডিসি মুহিদুল ইসলাম।
তদন্তে চারজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া দুজনের পাশাপাশি বাকি দুই আসামিকে ধরতে অভিযান চলছে।



মন্তব্য করুন